হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শিশুদের বড় একটি অংশের বয়স টিকা গ্রহণের নির্ধারিত সীমার নিচে ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, মৃত শিশুদের প্রায় অর্ধেকের বয়স ৯ মাসের কম হওয়ায় তারা নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আসেনি।
এছাড়া হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ২৫ শতাংশ শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। গুরুতর অবস্থায় অনেক শিশুকে ঢাকায় রেফার করা হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি।
এ পরিস্থিতিতে হামের টিকা দেওয়ার বয়সসীমা কমানোর দাবি উঠলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ সিদ্ধান্ত বিশেষজ্ঞ কমিটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হবে।