শিরোনাম

শিশু রামিসা হত্যার বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন

শিশু রামিসা হত্যার বিচার ও শিশুদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন
ছবি: প্রতিনিধি

ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার তেঁতুলতলা এলাকায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দেশে শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করার ঘটনা অত্যন্ত নৃশংস এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে শিশুদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। মানববন্ধন থেকে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সারাদেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও কঠোর বিচার দাবি করা হয়।

এসময় বক্তব্য দেন পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, সচেতন অভিভাবকদের পক্ষে জাহাঙ্গীর আলম, মর্জিনা আক্তার মাহিসহ শিশুস্বর্গ ফাউন্ডেশনের কর্মী, স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিকরা।

এদিকে একই দাবিতে শুক্রবার বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর