বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে শ্রমিকদল নেতাসহ তার সহযোগিদের হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় ডিবির এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে বরিশাল জেলা ডিবির এসআই আরসেলের নেতৃত্বে সাত সদস্যের একটি দল উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ মোল্লার নেতৃত্বে শামীম মোল্লা, মুনসুর মোল্লা ও আলাউদ্দিন পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে।
পুলিশ সূত্রে জানা গেছে, একপর্যায়ে ডিবি সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ফেলে দেন। পরে ডিবি কনস্টেবল মৃণাল চন্দ্র পুকুর থেকে মাদক উদ্ধারের চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ডিবি পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, আরিফ মোল্লার নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযোগের বিষয়ে আটক আরিফ মোল্লা কোনো মন্তব্য করতে রাজি হননি।