শিরোনাম

এক বছরে রংপুর বিভাগে প্রতি ৪ জনের ১ জন ব্র্যাকের সেবা পেয়েছেন

এক বছরে রংপুর বিভাগে প্রতি ৪ জনের ১ জন ব্র্যাকের সেবা পেয়েছেন
ছবি: প্রতিনিধি

রংপুর বিভাগে ২০২৫ সালে প্রতি চারজনের একজন ব্র্যাকের বিভিন্ন সেবার আওতায় এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৬ মে) সকালে রংপুরের আরডিআরএস বাংলাদেশ বেগম রোকেয়া মিলনায়তনে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে রংপুর বিভাগে ২৪ হাজার ২৩৬টি অতিদরিদ্র পরিবারকে সহায়তা দিয়েছে ব্র্যাক, যার মধ্যে ১১ হাজার ৯৩৩টি পরিবার অতিদারিদ্র্য থেকে উত্তরণে সক্ষম হয়েছে। জলবায়ু সহনশীলতা কর্মসূচির আওতায় ১১ হাজার ৮২৯ জন সহায়তা পেয়েছেন এবং ১ হাজার ৮৬০ জন প্রতিবন্ধী ব্যক্তি সেবা গ্রহণ করেছেন।

এছাড়া ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রায় ২৩ লাখ সদস্য যুক্ত রয়েছেন, যার ৯০ শতাংশ নারী। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ হাজার ১১২ জন বেকার যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে রংপুর বিভাগে ১ লাখ ৯২ হাজার ৮৭ জনের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ২ লাখ ৬৪ হাজার ১০৮ জন নারী মাতৃকালীন ও প্রসব-পরবর্তী সেবা পেয়েছেন এবং ৭৩ হাজার ৬৩০টি নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে। পাশাপাশি ২ লাখ ৭৪ হাজারের বেশি মানুষের চক্ষু পরীক্ষা ও ৭৯টি ছানি অপারেশন করা হয়েছে।

অনুষ্ঠানে ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চ্যাঞ্জ কর্মসূচির সহযোগী পরিচালক নাফিউল হাসান বলেন, ১৯৭২ সালে ত্রাণ কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করা ব্র্যাক বর্তমানে দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কাজে নিয়োজিত।

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন এবং রংপুর অঞ্চলের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর