বান্দরবানের রুমা উপজেলার বগালেক থেকে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে বগালেক–কেউক্রাডং সড়কের পেঁপেঁ বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জামির উদ্দিন ভোলা জেলার মানিকারহাট এলাকার জহির উদ্দিনের ছেলে। রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ১০ সদস্যের একটি পর্যটক দল বগালেকে বেড়াতে আসে। তাদের মধ্যে আটজন বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নির্দেশনা অমান্য করে রাতে মোটরসাইকেলে কেউক্রাডংয়ের দিকে যান। সেখান থেকে ফেরার পথে একটি খাড়া ঢাল বেয়ে নামার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যান।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে খাদের কয়েক ফুট নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।