শিরোনাম

ছাত্রশিবির থেকে আওয়ামী লীগ, এরপর বিএনপি—রাজনৈতিক পরিচয় বদলের বিতর্কে মাউশির উপপরিচালক হারুন-অর-রশীদ

ছাত্রশিবির থেকে আওয়ামী লীগ, এরপর বিএনপি—রাজনৈতিক পরিচয় বদলের বিতর্কে মাউশির উপপরিচালক হারুন-অর-রশীদ

ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, আওয়ামী লীগ সরকারের আমলে দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির প্রভাবশালী নেতার সুপারিশে গুরুত্বপূর্ণ পদে পদায়ন—এমন নানা অভিযোগ ও রাজনৈতিক পরিচয় পরিবর্তনের বিতর্কে আলোচনায় এসেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) হারুন-অর-রশীদ। তার সাম্প্রতিক পদায়ন ঘিরে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও শিক্ষকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

হারুন-অর-রশীদ রংপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। সম্প্রতি তাকে মাউশির রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) পদে পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, কারমাইকেল কলেজে অধ্যয়নকালে হারুন-অর-রশীদ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরে ২৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদানের পর তার রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আসে বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। কর্মজীবনের শুরুতে গোপালগঞ্জের একটি সরকারি কলেজে কর্মরত থাকাকালে জাতীয় দিবস ও ৭ মার্চের কর্মসূচিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় সামনের সারিতে তার উপস্থিতি নিয়েও সহকর্মীদের মধ্যে আলোচনা ছিল বলে জানা গেছে।

শুধু রাজনৈতিক পরিচয় নয়, তার বিরুদ্ধে ২৬তম বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে, ঢাকাকেন্দ্রিক একটি প্রশ্নফাঁস চক্রের সঙ্গে তার এক নিকটাত্মীয়ের সম্পৃক্ততা ছিল এবং ওই চক্রের মাধ্যমে প্রশ্ন পেয়ে তিনি বিসিএসে উত্তীর্ণ হন। তবে এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য নথি, তদন্ত প্রতিবেদন কিংবা প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গোপালগঞ্জ থেকে বদলি হয়ে রংপুর সরকারি কলেজে যোগদানের পরও তার বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, কলেজের সাবেক অধ্যক্ষ কানিজ উম্মে নাজমা নাসরিনের ঘনিষ্ঠ হিসেবে তিনি ব্যক্তিগত ও প্রশাসনিক বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। এ সময় নিয়মিত ক্লাস না নেওয়া, পরীক্ষার হলে দায়িত্ব পালন না করেও সম্মানী গ্রহণ এবং শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়ের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা নিরীক্ষা নথি পাওয়া যায়নি।

এদিকে ২০২৪ সালে অনুষ্ঠিত বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নির্বাচনে রংপুর সাংগঠনিক বিভাগ থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হারুন-অর-রশীদ। তার রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান নিয়ে শিক্ষা ক্যাডারের বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার রাজনৈতিক যোগাযোগ ও অবস্থানে নতুন মেরুকরণ ঘটেছে বলেও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, মাউশির রংপুর অঞ্চলের উপপরিচালক পদে পদায়নের ক্ষেত্রে বিএনপির একজন প্রভাবশালী নেতার সুপারিশ ভূমিকা রেখেছে। তবে এ সুপারিশের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রংপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আইয়ুব আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে শিক্ষক দম্ভ করে বলতেন বিএনপি জীবনে ক্ষমতায় আসতে পারবে না, আজ তাদেরই আশীর্বাদে সেই শিক্ষককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চলের উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে। সত্যিই সেলুকাস।”

অন্যদিকে পদায়নের বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক পাওয়ার পর তিনি হারুন-অর-রশীদকে রংপুর অঞ্চলে পদায়ন করেছেন। এ বিষয়ে এর বেশি কিছু বলতে অনীহা প্রকাশ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদ্য পদায়নপ্রাপ্ত উপপরিচালক হারুন-অর-রশীদ বলেন, সরকার তাকে যোগ্য মনে করেছে বলেই এ পদে পদায়ন দিয়েছে। তিনি বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি রাজনীতি করতে নয়, কাজ করতে এসেছেন।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা দাবি করে হারুন-অর-রশীদ বলেন, যারা এসব অভিযোগ ছড়াচ্ছেন, তারা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন। এ পদে তাদেরও আগ্রহ ছিল; কিন্তু পদায়ন না পাওয়ায় প্রতিহিংসা থেকে এসব অভিযোগ ছড়ানো হচ্ছে।

শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত তদবিরের পরিবর্তে জ্যেষ্ঠতা, পেশাগত দক্ষতা, প্রশাসনিক অভিজ্ঞতা ও সততাকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন শিক্ষক-কর্মকর্তারা। তাদের মতে, একজন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির মর্যাদা সুরক্ষার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় হারুন-অর-রশীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ অনুসন্ধানের দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর