শিরোনাম

গাজীপুরে বিস্ফোরক মামলার পলাতক আসামি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

গাজীপুরে বিস্ফোরক মামলার পলাতক আসামি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক এক আসামি পালিয়ে যাওয়ার পর তার ভারতে পালানোর সম্ভাবনা ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক ‘পিচ্চি রাজা’ নামের এক আসামি গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যান। এরপর তিনি যাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতে প্রবেশ করতে না পারেন, সে লক্ষ্যে সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, ৫৪ কিলোমিটার সীমান্তে দিন ও রাতে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামির সম্ভাব্য গতিবিধি শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার অপরাধপ্রবণ স্থান ও সম্ভাব্য যাতায়াতপথগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক আসামি যাতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতে প্রবেশ করতে না পারেন, সে জন্য সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর