শিরোনাম

নীলফামারীতে বিএনপি ও জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নীলফামারীতে বিএনপি ও জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় নীলফামারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) জেলা বিএনপি ও জেলা প্রশাসন পৃথক কর্মসূচি পালন করে।

সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে ‘সার্বভৌমত্ব’ শীর্ষক একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিনের ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তাঁর আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, প্রবীর গুহ রিন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জগদীশ চন্দ্র রায়, জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম ও সদস্যসচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিল্টন, মৎস্যজীবী দলের সদস্যসচিব আজিজুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি নূরে আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর