নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)-এর একাডেমিক কাউন্সিলের ১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
সভায় শুরুতে উপাচার্য স্বাগত বক্তব্য দেন। পরে বিদায়ী সদস্যকে ধন্যবাদ এবং নবনিযুক্ত সদস্যদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে একাডেমিক কাউন্সিলের ১৮তম সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়।
১৯তম সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, পাঠ্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কার্যক্রমসহ মোট ১৬টি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যরা এসব বিষয়ে মতামত দেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।
২১ সদস্যবিশিষ্ট একাডেমিক কাউন্সিলের সভায় সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, ইএমই সেন্টার অ্যান্ড স্কুল, সৈয়দপুর সেনানিবাস।
সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.)। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে সিএসই বিভাগের একজন অধ্যাপক সদস্য হিসেবে অংশ নেন।
সভায় চারজন এক্সটার্নাল সদস্য অনলাইনে যুক্ত হন। তারা হলেন—বুয়েটের এমই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী, সিএসই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাসরুর আলী, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. আয়নাল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।