নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন ইসলাম (২২) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন ইসলাম নীলফামারী শহরের সরকারপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দারোয়ানী টেক্সটাইল এলাকায় ডক্টর ক্লিনিকের পরিচালক ডা. স্বপনের বাড়িতে এসির কাজ করতে যান ইমন। তাঁর কাজ শেষ হওয়ার পরও ওই বাড়িতে এক মিস্ত্রি গিজারের কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের সংযোগ খুঁজে না পেয়ে তাঁরা ইমনকে ডেকে পাঠান। পরে ইমন গিজারের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আখতারুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা করে ইমনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।