কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল সে। অবশেষে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১০ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাকিয়া সুলতানা মোমো (১৬) একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এসে ইমন ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে। এতে তার শরীরের অন্তত ছয়টি স্থানে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে সে আশঙ্কামুক্ত।
ঘটনার পর ইমন পরিবারের সদস্যদের নিয়ে বাসা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে রাখা হয়। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। মামলায় হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগ আনা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছিল। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
অন্যদিকে, এ ঘটনার পর কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাদের পরিচয় ও অপরাধে সংশ্লিষ্টতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।