বাংলাদেশ ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারা অনুযায়ী, একই সঙ্গে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের বিধান পরিপালনে তাঁকে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের আগে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে।
এ জন্য তাঁর পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ ব্যাংক।