জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার শিমুলতলী এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটির সঙ্গে জামালপুরগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। পরে ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহত দুই মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের মধ্যে রয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম, তাঁর স্ত্রী ইকরামা এবং তাঁদের আট মাস বয়সী শিশুসন্তান রিফা। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।