চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার সকালে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাঁও এলাকার নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাঁদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।
পুলিশ ও নিহতদের স্বজনদের বরাতে জানা গেছে, শনিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে মাইক্রোবাসে করে তারা কক্সবাজারের ঈদগাঁওয়ের উদ্দেশে রওনা হন।
রাত ২টার দিকে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ডভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও চালক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত সাতজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।