শিরোনাম

খুলনার লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র-গুলি উদ্ধার

খুলনার লবণচরায় জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ গ্রেপ্তার ৩, অস্ত্র-গুলি উদ্ধার

খুলনা মহানগরীর লবণচরায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি আলামিন হাসান ওরফে সাইফি এবং তার সহযোগী রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার লবণচরা থানার মোল্লাপাড়া বড়খালপাড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি সাগর আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, সাগর আহম্মেদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার খালুর হাঁস-মুরগির খোপের কার্নিশে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, এক রাউন্ড সীসা গুলি, দুটি চাপাতি ও একটি কুড়াল উদ্ধার করা হয়।

এর আগে গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে নাজমুল (১৯) ও মঞ্জুরুল ইসলাম (২২) নামে দুই যুবক হত্যার শিকার হন। সন্ধ্যায় মঞ্জুরুল ইসলাম এবং রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান এলাকায় নাজমুলকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

র‌্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা ওই জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জোড়া হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর