শিরোনাম

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ইসলামুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সাবেক ব্যবসায়িক অংশীদার রেজাউল করিমের বিরুদ্ধে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে ইসলামুল হক দাবি করেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন রেজাউল করিম। এ সময় ঘরে থাকা তাঁর পরিবারের সদস্যরা আগুনের বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকারে বাড়ির অন্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে ঘরের লোকজনকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কিছু জিনিসপত্র পুড়ে যায়।

ইসলামুল হক বলেন, “আর একটু হলেই আমার স্ত্রী, মেয়েসহ পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যেত। রেজাউল ও তাঁর সহযোগীকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন অনেকে। ব্যবসায়িক লেনদেনের কারণে তাঁর কাছে আমার ১১ লাখ টাকা পাওনা। লোকসানের কথা বলে তিনি টাকা দিচ্ছেন না। টাকা চাইলে আমাকে হুমকি দিতেন। আমি এ ঘটনার বিচার চাই।”

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে পরিবারটির বড় ধরনের ক্ষতি হতে পারত। যারা এ কাজ করেছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম। তাঁর দাবি, জমির বায়না বাবদ তিনি ইসলামুল হককে ১০ লাখ টাকা দিয়েছিলেন। পরে তাঁকে জমি না দিয়ে অন্য ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। টাকা ফেরত চাওয়ায় ইসলামুল হক অগ্নিকাণ্ডের ঘটনা সাজিয়েছেন বলে দাবি করেন তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর