মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থী ও তরুণ সমাজকে রক্ষায় বাগেরহাটের ফকিরহাটের হযরত আমির হামজা (রাঃ) দাখিল মাদ্রাসায় মাদকবিরোধী টিম গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মোজাফফর হোসাইন। এতে উপস্থিত ছিলেন সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মো. জাকির হোসেন, সহকারী শিক্ষক মাওলানা মো. আবু সাঈদ, শেখ রেজাউল করিম, শেখ আনসার আলী ও মো. কামরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সভাপতির বক্তব্যে মোজাফফর হোসাইন বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদকবিরোধী টিম গঠনের মাধ্যমে মাদ্রাসায় এ কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কার্যক্রমের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের খেলাধুলা, সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন। তারা বলেন, মাদকাসক্তির নেতিবাচক প্রভাব শুধু ব্যক্তির ওপর নয়, পরিবার ও সমাজের ওপরও পড়ে।
সমাবেশে জানানো হয়, শিক্ষার্থীদের নিয়ে গঠিত মাদকবিরোধী টিম মাদ্রাসা ও আশপাশের এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীদের আচরণ ও উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং কোনো অস্বাভাবিকতা দেখা গেলে দ্রুত অভিভাবকদের অবহিত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাবেশে অভিভাবকেরা মাদকবিরোধী কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শেষে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সম্মিলিতভাবে শপথ নেন।