শিরোনাম

সৈয়দপুরে মাদকবিরোধী সচেতনতামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সৈয়দপুরে মাদকবিরোধী সচেতনতামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা, র‌্যালি, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে স্থানীয় রেলওয়ে মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সহযোগিতায় ছাত্রবন্ধন সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে। এতে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর অর্পণ কুমার ভট্টাচার্য, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহীন, দৈনিক আলাপনের নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, নীলফামারী জজ কোর্টের অ্যাডভোকেট ও ছাত্রবন্ধন সোসাইটির উপদেষ্টা গোলাম রব্বানী এবং আজকের পত্রিকা–এর সৈয়দপুর প্রতিনিধি ও সংগঠনটির উপদেষ্টা রেজা মাহমুদ।

ছাত্রবন্ধন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আপন ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. রিহাদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আমির হোসেন এবং জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর কমিটির সেক্রেটারি ও আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক ওয়াজেদ আলী।

বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় ছাত্রবন্ধন সোসাইটির নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর