শিরোনাম

বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতুর প্রতিশ্রুতি দিলেন রশিদুজ্জামান মিল্লাত

বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতুর প্রতিশ্রুতি দিলেন রশিদুজ্জামান মিল্লাত
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন-‍“প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো। ইনশাআল্লাহ এ স্বপ্ন বাস্তবায়ন করবো।”

শনিবার (১৬ মে) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিল্লাত বলেন-“বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণ করতে চাই। এটা শুধু একটি সেতু নয়, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এ সেতু হলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতি আসবে।”

সেতু নির্মাণ নিয়ে নানা আলোচনা চলছে উল্লেখ করে মিল্লাত বলেন-“অনেকে চাচ্ছে সেতুটি অন্য রুটে যাক, কেউ মাদারগঞ্জ হয়ে নেওয়ারও চেষ্টা করছে। সেখানে হলে কিছুটা পথ কম হয়। কিন্তু আমি চাই বালাসী-বাহাদুরাবাদ দিয়েই সেতু হোক। এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এসময় তিনি স্থানীয়দের কাছে দোয়া কামনা করে বলেন-“আপনারা দোয়া করবেন। যারা নামাজ পড়েন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, মা-বোনরা আছেন সবাই দোয়া করবেন। দোয়া অনেক বড় শক্তি। আল্লাহর রহমতে আমরা এলাকার উন্নয়নে বড় বড় কাজ করতে পারবো।”

এছাড়া বালাসী থেকে রাজিবপুর পর্যন্ত সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন-“এখান থেকে রাজিবপুর পর্যন্ত যাতে বড় দুই লেনের রাস্তা হয় এবং মানুষ ঠিকমতো চলাচল করতে পারে, সেই কাজও করা হবে ইনশাআল্লাহ।”

মিল্লাত আরও বলেন-“আমার ওপর ভরসা রাখেন। আল্লাহর ওপর আস্থা রেখে আমার ওপরও আস্থা রাখেন। আমি প্রত্যেকটি কাজ খুঁজে খুঁজে করার চেষ্টা করছি। দেশে-বিদেশে অনেক দায়িত্ব পালন করতে হয়, তারপরও এলাকার উন্নয়ন নিয়েই ভাবছি।”

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর