পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা শহরের প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় শহরের বুক চিরে বয়ে যাওয়া প্রাণসায়র খালের দুই পাড়জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মইনুল ইসলাম খান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা প্রিয়াংকা হালদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, পৌরসভার সচিব মোহাম্মদ লিয়াকত আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রাণসায়রের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে অগ্রাধিকার ভিত্তিতে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চলতি বছরে এক কোটি বৃক্ষরোপণ করা হবে। শুধু গাছ লাগানোই নয়, এসব গাছের যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়নের উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।