সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইদ্রিস আলী জানান, তিনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজিসহ ১০-১২ জন নেতা-কর্মী রাত ১০টার দিকে কার্যালয়ে তালা দিয়ে পাশের একটি চায়ের দোকানে চাবি রেখে সামনের একটি মোটরসাইকেল গ্যারেজে বসেছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত কার্যালয়ের দিকে ছুটে যান। পরে দরজা খুলে কার্যালয়ের এক কোণায় আগুন জ্বলতে দেখতে পান।
ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, “সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক পক্ষের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি।”
ঘটনার প্রতিবাদে রাতেই কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।