শিরোনাম

সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরা শহরের কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহানা আব্দুল খলিলের মেয়ে।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সোহানাকে হত্যা করে তার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহানার স্বামী শেখ সাকিব হোসেন ও শাশুড়ি খালেদা বেগম দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করতেন। প্রতিবেশীদের দাবি, পাশের এলাকার এক তরুণীর সঙ্গে সাকিবের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে দাম্পত্য কলহ লেগেই থাকত।

নিহতের তিন বছর বয়সী ছেলে ফাইয়াজ হোসেন সাংবাদিকদের জানায়, তার বাবা ও দাদি মিলে তার মাকে মারধর করেছেন। শিশুটির এমন বক্তব্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে অপরাধের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর