দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে শ্রমিক অধিকার আন্দোলন ও নিপীড়ন বিরোধী নারীমঞ্চের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সদস্য আব্দুল জব্বার সরকার, সবুজ রায়, মসিউর রহমান এবং নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সদস্য পারভীন আক্তার, সুলতানা আক্তার ও রিতা সিদ্দিকী প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী এবং তা অবিলম্বে বাতিল করা উচিত। তারা হামে শিশু মৃত্যুর ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দাম বাড়বে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। তারা বর্ধিত মূল্য প্রত্যাহারের আহ্বান জানান।
সমাবেশ থেকে স্বাস্থ্যসেবা জোরদার, শিশুদের টিকাদান কর্মসূচি সম্প্রসারণ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।