শিরোনাম

জলঢাকা এলএসডি গোডাউনে ছেঁড়া-ফাটা বস্তায় বোরো ধান সংরক্ষণের অভিযোগ

জলঢাকা এলএসডি গোডাউনে ছেঁড়া-ফাটা বস্তায় বোরো ধান সংরক্ষণের অভিযোগ

ফজল কাদির, নীলফামারী>

নীলফামারীর জলঢাকা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গোডাউনে ২০২৬ সালের বোরো মৌসুমের ধান সংগ্রহ ও সংরক্ষণে অনিয়মের অভিযোগ উঠেছে। ছেঁড়া-ফাটা বস্তা মেরামত করে ধান সংরক্ষণ এবং নিম্নমানের ধান গ্রহণের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা।

সরেজমিনে দেখা যায়, গোডাউনে সংরক্ষিত ধানের বেশ কিছু বস্তা ছেঁড়া অবস্থায় রয়েছে। অনেক বস্তা তালি দিয়ে ব্যবহার করা হচ্ছে। এছাড়া সরকারি মানদণ্ডের বাইরে নিম্নমানের ধান গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, "আপনারা কি আমার চেয়ারটাকে নড়ানোর জন্য এখানে আসছেন?" পরে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বস্তার সংকট থাকায় ছেঁড়া-ফাটা বস্তা মেরামত করে ব্যবহার করা হচ্ছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক অনুমতি রয়েছে। তিনি দাবি করেন, সরকারি নির্দেশনা অনুসারেই ধান সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিম্নমানের ধান গ্রহণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী ধানের মান যাচাই করেই তা গ্রহণ করা হয়। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কৃষক ও সচেতন মহলের দাবি, সরকারি খাদ্যগুদামে ধান সংরক্ষণের ক্ষেত্রে মানসম্মত বস্তা ব্যবহার এবং ধানের গুণগত মান নিশ্চিত করা জরুরি। অন্যথায় সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি খাদ্যশস্যের মানও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর