সিপন আহমেদ, মানিকগঞ্জ>
বিদ্যালয়ের মাঠজুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শত শত শিক্ষার্থী। কারও হাতে মাদকবিরোধী প্ল্যাকার্ড, কারও কণ্ঠে উচ্চারিত হচ্ছে—“মাদক যেখানে, প্রতিরোধ সেখানে”। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল মাদকবিরোধী সামাজিক আন্দোলনের এক প্রতীকী মঞ্চে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি। ‘মাদককে না বলুন, মাদকমুক্ত দেশ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের হাতে ছিল মাদকবিরোধী নানা বার্তাসংবলিত প্ল্যাকার্ড। বিশেষ করে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। তাদের দৃঢ় অবস্থান যেন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছিল—মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্ম কোনো আপস করতে রাজি নয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তক ও পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; একজন শিক্ষার্থীর নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাও শিক্ষার অন্যতম উদ্দেশ্য। শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমাজসেবক আব্দুর গফুর, খলিলুর রহমান সবুজ, আলাল উদ্দিন, মানোয়ার হোসেন, ডা. উজ্জ্বল, ডা. আব্দুল মান্নান, প্রকৌশলী মো. লুৎফর রহমান, রহিজ উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, হরগজ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, সোহেল রানা মল্লিক, মেহেদী হাসান আরিফ, সার্জেন্ট (অব.) মোহাম্মদ আবু হানিফ এবং বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আনন্দ চন্দ্র দাস।
বক্তারা স্থানীয় প্রশাসনের প্রতি মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির শেষপর্যায়ে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী হাত তুলে শপথ নেন যে, তাঁরা নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিস্তার রোধে সচেতন ভূমিকা পালন করবেন এবং সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সক্রিয়ভাবে কাজ করবেন।
অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের আশা, হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করবে।
মাদকমুক্ত সমাজ গঠনের যে প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছে, তা শুধু একটি বিদ্যালয়ের কর্মসূচি নয়; বরং একটি সুস্থ, নিরাপদ ও আলোকিত ভবিষ্যৎ নির্মাণের সামাজিক অঙ্গীকারের প্রতিচ্ছবি।