পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুতই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি বলেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি পদ্মা সেতুর মতোই দেশের বড় উন্নয়ন প্রকল্পে পরিণত হবে।
শুক্রবার (১৯ জুন) নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ ও নদী অববাহিকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের ভিআইপি গেস্ট হাউসে অনুষ্ঠিত বৈঠক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও টেকনিক্যাল পর্যালোচনা শেষে দৃশ্যমান প্রতিবেদন পাওয়া গেলে তা একনেকে অনুমোদনের জন্য পাঠানো হবে। তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
.jpeg)
তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ সংস্থার মতামত নেওয়া হচ্ছে, যাতে একটি পরিকল্পিত ও টেকসই রূপরেখা তৈরি করা যায়।
মন্ত্রী আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এই অঞ্চলের কৃষি, সেচ ব্যবস্থা এবং জীবনমানের বড় পরিবর্তন আসবে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রাজিব হাসান প্রধান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তরাঞ্চল) ড. মোহাঃ সরফরাজ বান্দা, এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।