কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. ওয়াহিদুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসি আফতাব উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এর আগে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ৮ ডিসেম্বর বাকলিয়া এলাকায় এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার হলেও মামলা করা হয়নি। অভিযোগ রয়েছে, তৎকালীন ওসি আফতাব উদ্দিনের নির্দেশে ইয়াবার চালানটি আত্মসাৎ করা হয় এবং বহনকারীকে ছেড়ে দেওয়া হয়। তদন্তে ঘটনায় জড়িত কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে আফতাব উদ্দিন বলেছেন, তিনি ইয়াবা আত্মসাতের বিষয়ে কিছু জানেন না এবং ঘটনার সময় বাসায় ছিলেন।