বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হামলায় বৃদ্ধ পিতা মো. তোফাজ্জেল শেখ (৯৫) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত তোফাজ্জেল শেখ বাদী হয়ে তার ছেলে মো. বাহাদুর শেখসহ পাঁচজনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পুটিখালী ইউনিয়নের ১৯০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গত ১৩ জুন বিকেলে তোফাজ্জেল শেখ পৌঁছালে তার ছেলে বাহাদুর শেখ তাকে জমি বেশি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ে কোপ মারা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
শনিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তোফাজ্জেল শেখ বলেন, “শরিয়ত অনুযায়ী ছেলে-মেয়েদের মধ্যে সম্পত্তি বণ্টন করতে চাই। কিন্তু আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে অতিরিক্ত জমি দাবি করছে। আমি রাজি না হওয়ায় সে আমাকে কুপিয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত বাহাদুর শেখের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, পিতাকে জখম করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।