শিরোনাম

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত ছেলে, তাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন মা

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত ছেলে, তাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন মা

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের ছেঁড়া সেচলাইনের তারে জড়িয়ে একটি গরু মারা যাওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা নারী। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন তার ছেলে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম (৭০) ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। আহত ব্যক্তি তার ছেলে মো. হাছান আলী (৫০)।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে ঝড়ের কারণে একটি বোরো ক্ষেতে ব্যবহৃত বৈদ্যুতিক সেচলাইনের তার ছিঁড়ে জমিতে পড়ে ছিল। তবে সেটি সরানো হয়নি। সোমবার সকালে হাছান আলীর একটি গরু মাঠে চরার সময় অসাবধানতাবশত ওই তারে জড়িয়ে পড়ে এবং বিদ্যুতায়িত হয়।
গরুটিকে উদ্ধার করতে গেলে হাছান আলীও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। ছেলের চিৎকার শুনে তার মা হাওয়া বেগম ঘটনাস্থলে ছুটে আসেন। ছেলেকে টেনে সরানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আহত হাছান আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। গরুটিও ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর