সাতক্ষীরা কারাগারে মারা গেছেন জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি ও সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ (৫৮)। সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল লতিফ সাতক্ষীরা সদর উপজেলার কামারবাইশা গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন শহরের রসুলপুর এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার আটটি মামলা চলমান ছিল। গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন অসুস্থ থাকলেও কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা দেয়নি। তার মেয়ে শাম্মী আক্তার দাবি করেন, “বিনা চিকিৎসায় কারাগারেই আমার বাবার মৃত্যু হয়েছে।”
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আব্দুর রহমান জানান, ভোররাতে কারাগার থেকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অন্যদিকে সাতক্ষীরা কারাগারের জেলার দেবদুলাল বলেন, অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানা–র ওসি মাসুদুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।