বাগেরহাটের রামপালে ইখলাস গাজী (৫৫) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার (৩১ মে) দুপুরে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাস গাজী বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় মাহমুদ শিকদারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ইখলাস গাজী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইখলাস গাজী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে হামলার ঘটনায় ইখলাস গাজী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।