বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ও রামপাল-মোংলা আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নিজস্ব অর্থায়নে স্থাপিত এ নলকূপের মাধ্যমে প্রায় ৩ শতাধিক পরিবার বিশুদ্ধ পানির সুবিধা পাবে।
শনিবার (৩০ মে) সকালে আশ্রয়ণ প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলকূপটির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনসেবামূলক এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বিশুদ্ধ পানির সহজপ্রাপ্যতা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম শর্ত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের পানির সংকট দূর হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, নতুন নলকূপ চালু হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে।