নীলফামারীর সৈয়দপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত সুমন আলী (২০) কে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেফতার করেছে র্যাব। একই অভিযানে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
শনিবার (১৬ মে) র্যাব-১৩, রংপুরের মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থী সৈয়দপুর থানাধীন একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অভিযুক্ত সুমন আলী দীর্ঘদিন ধরে তাকে প্রেম ও বিয়ের প্রলোভনে উত্ত্যক্ত করছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় সে বিভিন্ন সময় অপহরণের হুমকি দেয়।
গত ৭ মে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তাকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে অনুসন্ধানে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হয় এবং এ ঘটনায় ১১ মে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করা হয়।
এরপর র্যাব-১৩ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে ১৪ মে রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামি ও উদ্ধার হওয়া ভুক্তভোগীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।