ময়মনসিংহের ভালুকা উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাজৈ গ্রামে স্থানীয়দের সহায়তায় এক নারী ও কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজহার উদ্দীন রাকিবকে আটক করা হয়। পরে যৌথবাহিনী তাদের উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী একজন প্রবাসীর স্ত্রী এবং অভিযুক্ত এএসআইয়ের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় আলোচিত ছিল। ঘটনার রাতে সন্দেহজনক পরিস্থিতিতে ঘরের ভেতরে তাদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী ঘরে প্রবেশ করে দুজনকে আটক করে।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এএসআই রাকিব ও ওই নারীকে উদ্ধার করে ভালুকা মডেল থানা-র উপ-পরিদর্শক রফিকুল ইসলাম-এর কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জামালপুর জেলায় সবজি চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে জলবায়ু সহিষ্ণু মালচিং প্রযুক্তি। আধুনিক এই পদ্ধতিতে চাষ করে কম খরচে বেশি ফলন পাওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। মালচিং পদ্ধতিতে জমির উপর বিশেষ মালচিং পেপার বিছিয়ে চাষ করা হয়। এটি মাটির আর্দ্রতা ধরে রাখে, আগাছা দমন করে এবং সার ও পানির ব্যবহার সঠিকভাবে নিশ্চিত করে। ফলে কমে যায় সেচ ও বালাইনাশকের খরচ, বাড়ে ফলন। জামালপুর সদর উপজেলার কৃষক নূর সালাম প্রথমবারের মতো ১০ শতাংশ জমিতে টমেটো চাষ করে সাফল্য অর্জন করেছেন। তিনি জানান, মালচিং প্রযুক্তি ব্যবহার করে গত দুই বছরে ফলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কম খরচে বেশি লাভ পাওয়ায় তিনি এখন আত্মবিশ্বাসী, আর আশেপাশের কৃষকরাও তার ক্ষেত দেখে উৎসাহিত হচ্ছেন। বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাস বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মালচিং প্রযুক্তি টেকসই সমাধান হতে পারে। এতে উৎপাদন খরচ কমে, মাটির স্বাস্থ্যও ভালো থাকে।” মালচিং পদ্ধতির ব্যবহার জামালপুরে কৃষি চিত্র পরিবর্তন করছে এবং অনেক কৃষকের মুখে এখন ফুটেছে স্বস্তির হাসি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল রানা (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলমগীর হোসেন (২৫) আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া–বাংলাবান্ধা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোহেল সড়ক পারাপারের সময় বাংলাবান্ধাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় জানান, এ ঘটনায় হাইওয়ে আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নির্বাচন শেষে ৭২ ঘণ্টা পর কলারোয়া উপজেলা বিএনপি ভোটে অনিয়ম, প্রশাসনিক পক্ষপাত ও দুর্নীতির অভিযোগ তুলেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করেন উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন। তিনি বলেন, “আমাদের প্রার্থী প্রকৃতপক্ষে বিজয়ী হয়েছিলেন। কিন্তু পরিকল্পিতভাবে কারচুপির মাধ্যমে ফলাফলে অন্যের নাম দেখানো হয়েছে।” উপজেলা বিএনপি অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্রে বোরকা পরে অপ্রাপ্তবয়স্কদের ভোট, ফলাফল ঘোষণা না করা, ভোটারদের ফিরে যাওয়া, প্রিজাইডিং কর্মকর্তাদের পক্ষপাত, নির্বাচনের আগের রাতে নেতাদের অবৈধ প্রবেশ এবং আনসার সদস্যদের নির্দিষ্ট প্রার্থীর পক্ষে সক্রিয় হওয়ার ঘটনা। সংবাদ সম্মেলনে তারা নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন এবং জেলা রিটার্নিং কর্মকর্তার অপসারণের দাবি জানান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, এবং অন্যান্য দলীয় নেতারা।