নীলফামারীর কিশোরগঞ্জ থেকে জলঢাকা পর্যন্ত তিস্তা প্রধান সেচ ক্যানেলে পানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। মূল ক্যানেলে উভয় ডাইকের মেরামত ও শক্তিশালীকরণের কাজ ঠিকাদারদের অনিয়ম ও পানি উন্নয়ন বোর্ডের বিলম্বের কারণে সময়মতো শেষ হয়নি। ১ জানুয়ারি থেকে ১৫ হাজার হেক্টর জমিতে ৫০ হাজার কৃষক সেচ পাননি।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রধান সেচ ক্যানেলের মেরামত, সম্প্রসারণ এবং সিল ট্রাফ (পলি অপসারণ) কাজ শেষ করে আগামী ১৫ জানুয়ারি থেকে সেচ সুবিধা দেওয়া হবে। তবে সরেজমিনে দেখা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়ম ভেঙে ক্যানেলের কাছে কৃষকের জমিতে মাটি ভরাট করছে, ব্লক বসানোর সময় নিয়ম মানছে না এবং ক্যানেলের অনেক জায়গায় বড় গর্ত ও ভাঙন রয়েছে। এতে কৃষকরা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অনিয়ম বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে তিনি নিজে প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। তিনি আশা প্রকাশ করেছেন, ১৫ জানুয়ারির মধ্যে কৃষকদের পানি সরবরাহ করা সম্ভব হবে।
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকায় যানজট নিরসন ও জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানে অবৈধ স্থাপনা ও রাস্তার জায়গা দখল করে রাখা মালামাল জব্দ করা হলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) আনিসুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাজার এলাকায় যানজট বৃদ্ধি ও রাস্তা দখলের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়। অভিযান চলাকালে কয়েকটি দোকানের সামনে রাস্তার ওপর অবৈধভাবে রাখা পণ্যসামগ্রী জব্দ করা হয়। এ সময় বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু ব্যবসায়ী মোবাইল কোর্ট পরিচালনার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানান। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করেন। ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর ব্যবসায়ীরা একত্রিত হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে দোকানের সীমানার ভেতরে থাকা মালামালও জব্দ করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, তারা নিজেদের নির্ধারিত সীমানার মধ্যেই পণ্য রেখেছিলেন। কিন্তু প্রশাসন তা অগ্রাহ্য করে মালামাল গাড়িতে তুলে নেয়। তাদের অনুরোধ সত্ত্বেও কিছু পণ্য ফেরত দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, জনস্বার্থে যানজট নিরসন ও বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি বলেন, “রাস্তার ওপর অবৈধভাবে রাখা মালামাল জব্দ করা হচ্ছিল। এ সময় সাবেক মেয়র আনোয়ার হোসেন দলবল নিয়ে এসে অভিযানের বিষয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান এমপি’র অনুমতি নেওয়া হয়েছে কি না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে আমি ঘটনাস্থল ত্যাগ করি। এর কয়েকদিন আগেও আমি এবং ওসি মিলে ব্যবসায়ীদের সতর্ক করেছিলাম। এ বিষয়ে নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন বলেন, তিনি একটি ফোন পেয়ে ঘটনাস্থলে যান। তার অভিযোগ, মোবাইল কোর্টের নামে দোকানের ভেতরের মালামালও জব্দ করা হচ্ছিল। তিনি আরও দাবি করেন, অভিযানের সময় কিছু বহিরাগত ব্যক্তি মালামাল উঠাতে সহায়তা করছিলেন, যারা প্রশাসনের নিয়মিত স্টাফ নন। এছাড়াও তিনি মাইকিং করে আগে বিষয়টি অবগত না করে মোবাইল কোর্ট পরিচালনা করছিলো এতে কিছু গরীব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে।
রোজার মাস ঘিরে সৈয়দপুরে ইফতার সামগ্রীর বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে। খোলা খেজুর, কলা ও লেবুর দাম বেড়ে যাওয়ায় নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। পৌর সবজি বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে এক হালি লেবুর দাম চাওয়া হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকা, যা রোজার আগে ছিল ২০-২৫ টাকার মধ্যে। ছোট পাতিলেবুর হালি ৭০ টাকা, মাঝারি ৬০ টাকা এবং বড় লেবু ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। অন্যদিকে সৌদি আরব, মিশর ও ইরান থেকে আমদানি করা বিভিন্ন মানের খেজুরের দাম কেজিপ্রতি বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। ১৫ দিন আগেও যে বস্তাজাত খোলা খেজুর ১৬০-১৭০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। কলা বাজারেও একই চিত্র। মালভোগ কলা ২০-৩০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। চিনি চাম্পা কলাও রোজার আগে ১০-১৫ টাকায় মিললেও এখন ৩০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, রোজা উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছে। তবে ব্যবসায়ীদের দাবি, খেজুর, লেবু ও কলার আমদানি ও ফলন কম থাকায় দাম বেড়েছে; আমদানি বাড়লে বাজার স্বাভাবিক হবে। এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
পীরগঞ্জে রান্নাঘরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে নার্গিস আক্তার (বয়স আনুমানিক ৩০) দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শান্ত হাজীপুর ইউনিয়নের পাটুয়াপাড়া গ্রামে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্বামী সালমান শাহর অতর্কিত হামলায় নার্গিসের মাথা ফুটন্ত ভাতের পাতিলের সঙ্গে লাগিয়ে দগ্ধ হয়। নার্গিস বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। আহত নারীর পরিবার ও স্থানীয়রা পুলিশকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সালমানের বাবা ইউসুফ আলী ও মা হালিমা খাতুন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেছেন, এই ধরনের পারিবারিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ প্রয়োজন। ঘটনার প্রেক্ষিতে পীরগঞ্জ থানা জানিয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ছাড়া নারীদের নিরাপত্তা ও পারিবারিক শান্তি বজায় রাখা কঠিন।