মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিপরীতে ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এক বিস্ফোরক ভিডিও বার্তায় সরাসরি ট্রাম্পকে ব্যঙ্গ করেছেন। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে প্রকাশিত বার্তায় তিনি ইংরেজিতে বলেন, “ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো। এই বাক্যটি তোমার সঙ্গে পরিচিত।” ট্রাম্পের রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর পরিচিত উক্তি ব্যবহার করে দেওয়া এই কটাক্ষ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও তীব্র করেছে।
হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য বন্ধ রাখার ইরানের সিদ্ধান্ত এবং ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের প্রেক্ষাপটে ইরান জানিয়েছে, যদি তাদের বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানেন, তারা পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন মিত্র দেশগুলোর জ্বালানি ও পানিশোধন স্থাপনায় আক্রমণ চালাতে প্রস্তুত।
বিশ্লেষকরা মনে করেন, ইরানের এই অনড় কৌশল ও ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যুদ্ধের ঝুঁকিকে নতুন মাত্রায় নিয়ে এসেছে। বর্তমানে হরমুজ প্রণালীতে তেল পরিবহন বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী, এবং আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা সংকট আরও তীব্র হচ্ছে।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পারস্য উপসাগর ও লোহিত সাগরের বাণিজ্যিক রুটগুলোকে অচল করার ক্ষমতা রাখায়, পরিস্থিতি ওয়াশিংটনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি আরও জটিল হলে বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর নেতৃত্ব নিয়ে নিজ দল লেবার পার্টির ভেতরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। দলটির এমপি ক্যাথেরিন ওয়েস্ট মন্ত্রিসভার সদস্যদের দ্রুত নেতৃত্ব পরিবর্তনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে পরিস্থিতি আরও তীব্র করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েস্ট বলেন, আগামী সোমবারের মধ্যে যদি মন্ত্রিসভার ভেতর থেকে বিকল্প নেতৃত্ব সামনে না আসে, তবে তিনি নিজেই নেতৃত্ব চ্যালেঞ্জ প্রক্রিয়া শুরু করবেন। তার ভাষ্য অনুযায়ী, প্রয়োজন হলে লেবার এমপিদের সমর্থন নিয়ে আনুষ্ঠানিক প্রতিযোগিতার পথেও যাবেন তিনি। স্থানীয় নির্বাচনে দলের খারাপ ফলাফলের পর স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও তিনি পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন এবং আগামী সাধারণ নির্বাচনেও নেতৃত্বে থাকার ঘোষণা দিয়েছেন। লেবার পার্টির বিধান অনুযায়ী, নেতৃত্ব চ্যালেঞ্জ শুরু করতে অন্তত ২০ শতাংশ এমপির সমর্থন প্রয়োজন, যা এই মুহূর্তে প্রায় ৮১ জন সদস্যের সমর্থনের সমান। ওয়েস্ট দাবি করেছেন, ইতোমধ্যে একাধিক এমপি তার উদ্যোগের প্রতি আগ্রহ দেখিয়েছেন। অন্যদিকে সরকারের এক মন্ত্রী সতর্ক করে বলেছেন, বারবার নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় লেবার পার্টির অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব স্টারমারের নেতৃত্বকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে, নাকি তাকে রাজনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে—সেই প্রশ্ন এখন ব্রিটিশ রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
উপসাগরীয় যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারক নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্র। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করছে যে তারা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। এর আগে হরমুজ প্রণালিতে চলমান মার্কিন নৌ-মিশন ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
কেরালার নির্বাচনী রাজনীতিতে নজিরবিহীন পরিবর্তনের সাক্ষী হলো পেরামব্রা বিধানসভা কেন্দ্র, যেখানে দীর্ঘদিনের বাম ঘাঁটিতে ভিন্নধারার ফলাফল প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ ফলাফলে ফাতেমা তাহলিয়া, প্রার্থী হিসেবে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রামকৃষ্ণান-কে প্রায় ৪,৭০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মোট ৬৩,৯৯৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। এই ফলাফলের মধ্য দিয়ে তাহলিয়া দলটির ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে একটি নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইন পেশাজীবী ও সাবেক কাউন্সিলর হিসেবে পরিচিত এই তরুণ নেতা ছাত্ররাজনীতি থেকে উঠে এসে রাজ্য পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। প্রার্থিতা ঘোষণার পর থেকে সাইবার হয়রানি ও সামাজিক বিদ্বেষের মুখোমুখি হলেও তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করেন। বিশ্লেষকদের মতে, পেরামব্রার এই ফলাফল কেবল একটি আসনের পরিবর্তন নয়; বরং কেরালার রাজনৈতিক ভারসাম্যে সম্ভাব্য পুনর্গঠনের ইঙ্গিত বহন করছে।