পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পাতকোষ্টা এলাকায় জেলে আমিনুর রহমান (৪৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। নিহতের পরিবার বন বিভাগের দুই কর্মকর্তাসহ অজ্ঞাত ৯-১০ জনের বিরুদ্ধে কয়রা থানায় হত্যা মামলা করেছে। অপরদিকে বনরক্ষীদের ওপর হামলার অভিযোগে বন বিভাগের পক্ষ থেকেও পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তার ভাতিজা অলিউল্যাহ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নলিয়ান ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন ও পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামীম রেজাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, বৈধ পাস নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বন বিভাগের সদস্যদের চাঁদার দাবির মুখে পড়েন আমিনুর। গত ১৮ মে পাতকোষ্টা এলাকার বেশো খালে এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে গুলি করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বন বিভাগের কর্মকর্তা মোবারক হোসেন। তার দাবি, ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। বন বিভাগের ভাষ্য, প্রবেশ নিষিদ্ধ এলাকায় টহল দিতে গিয়ে জেলেদের হামলার মুখে পড়ে টহল দল। ধস্তাধস্তির একপর্যায়ে অনাকাঙ্ক্ষিতভাবে গুলি ছুটে আমিনুরের শরীরে লাগে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, উভয় পক্ষের মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এদিকে জেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বন বিভাগের দাবি, বিক্ষুব্ধ লোকজন কার্যালয়ে হামলা চালিয়ে বিভিন্ন স্থাপনা ও মালামাল ক্ষতিগ্রস্ত করে এবং পাঁচ কর্মচারী আহত হন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, পুরো ঘটনার তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি রেঞ্জ কার্যালয়ে হামলার ঘটনায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে।