মজুরি কাঠামো হালনাগাদের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি কর্মচারীরা সংগঠিত আন্দোলনে নেমেছেন। নবম জাতীয় পে স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া কর্মসূচিতে বক্তারা বলেন, চলমান উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের কারণে সরকারি চাকরিজীবীরা চরম আর্থিক চাপে রয়েছেন। এ পরিস্থিতিতে নবম পে স্কেল বাস্তবায়ন আইনসংগত ও ন্যায্য দাবি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তা উপেক্ষা করে আসছে বলে অভিযোগ তোলা হয়।
নেতারা আরও বলেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও কর্মস্পৃহা বাড়বে। দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।
জামালপুরে কম্পিউটার, সেলাই, বিউটিফিকেশন ও ইংলিশ স্পোকেন কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মে) জেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। এছাড়া সহকারী প্রকৌশলী শাহারিয়া কবিরসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরির মোট ১৬৯ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান ও কর্মক্ষেত্রে অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফেনী জেলা জজ আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে এক নারী বিচারপ্রার্থীর বিষপানের ঘটনায় আদালতপাড়াজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাবিননামা সংক্রান্ত মামলার শুনানি শেষে স্বামীর জামিন মঞ্জুরের পর বিচারকের এজলাসেই তিনি বিষপান করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। রোববার (১০ মে) দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের অধীন ফুলগাজী আমলি আদালতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলগাজী উপজেলার বাসিন্দা ওই নারী ২০২৫ সালে চার সন্তানের জনক আকবর হোসেনকে ভালোবেসে বিয়ে করেন। দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি স্বামীর বিরুদ্ধে কাবিন আদায়ের মামলা দায়ের করেন। রোববার মামলাটির শুনানির দিন ধার্য ছিল এবং বাদী-বিবাদী উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী ও আদালতের পেশকার জসিম উদ্দিনের ভাষ্য অনুযায়ী, শুনানি শেষে আদালত বিবাদীকে জামিন দিলে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। পরে আদালত কক্ষে বিচারকের সামনেই বিষপান করেন তিনি। নারীর পরিবারের দাবি, ঘটনার আগে টেলিফোনে তার স্বামী তাকে ‘মরে যেতে’ বলেছিলেন। সেই মানসিক চাপ ও হতাশা থেকেই তিনি আত্মঘাতী পদক্ষেপ নেন বলে পরিবারের ধারণা। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিষক্রিয়ার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে পাকস্থলী পরিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই এলাকার শুকুর মামুদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরুর আগে প্রচণ্ড বাতাস ও বজ্রপাত চলাকালে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় তিনি বজ্রপাতে আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা জবেদা বেগম বলেন, দুই বছর আগে ছেলের বিয়ে হয়, তার ৭ মাসের একটি সন্তান রয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।