সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। আদেশে আগামী ২২ জুলাইয়ের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা কৃষি কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৬ জুন তিনি সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
অভিযোগ রয়েছে, গত ২৯ জুন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণের সময় বাঁশের খুঁটি ও জৈব সার সরবরাহে অনিয়ম করা হয়। কৃষকদের অভিযোগ, যেখানে প্রতি পিস বাঁশের খুঁটির নির্ধারিত মূল্য ছিল প্রায় ৫০ টাকা, সেখানে ১০ থেকে ২০ টাকা মূল্যের খুঁটি বিতরণ করা হয়েছে। এছাড়া ৬০০ টাকা মূল্যের গোবরভিত্তিক জৈব সারের পরিবর্তে কম মূল্যের অন্য কোম্পানির সার দেওয়া হয়। এ কর্মসূচির আওতায় প্রায় ১ হাজার ২০০ কৃষকের মধ্যে চারা বিতরণের সময় কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগও ওঠে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত শুরু করে। তদন্তের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে আবু সাঈদ শুভ্রের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।