শিরোনাম
পৃথক দুর্ঘটনায় শোকের ছায়া

রংপুরে একদিনেই ঝরল ৫ প্রাণ

রংপুরে একদিনেই ঝরল ৫ প্রাণ

রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় পৃথক পাঁচটি দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ট্রেনে কাটা পড়ে দুই নারী, ছাদ থেকে পড়ে এক ব্যবসায়ী, পানিতে ডুবে এক স্কুলছাত্রী এবং সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী রয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পীরগাছা রেলওয়ে স্টেশন সংলগ্ন সুখানপুকুর এলাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়। নিহতরা হলেন দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৬০) এবং তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরিন আক্তার তারিন (২৪)। আইরিনের চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

পীরগাছা স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন স্টেশনে ক্রসিংয়ের জন্য অপেক্ষমাণ ছিল। এ সময় সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস স্টেশনে প্রবেশকালে রাশেদা বেগম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে পদ্মরাগ ট্রেনটি স্টেশন ছেড়ে আউটার সিগন্যালের দিকে যাওয়ার সময় আইরিন আক্তার রেললাইনে শুয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তারও ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাহেব গণি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, শুক্রবার সকালে পীরগাছা বাজারের ব্যবসায়ী নাহিদ হোসেন (৩৮) নিজ বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান। তিনি উপজেলার বটতলা এলাকার ফজলু মিয়ার ছেলে।

অন্যদিকে, পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে নবম শ্রেণির শিক্ষার্থী রোজাতুল খাতুন (১৮) মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোজাতুল ওই গ্রামের রজ্জব আলীর মেয়ে।

একই দিন বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের বড়দরগাহ বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী উজ্জ্বল রায় নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন।

নিহত উজ্জ্বল রায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার দুলাল রায়ের ছেলে। পুলিশ জানায়, মোটরসাইকেলটি দুই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চলে গেলে ঘটনাস্থলেই উজ্জ্বল রায়ের মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর