শিরোনাম

জুলাই হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর কাফরুল এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

এর আগে গত ৯ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম এন এম জিয়াউল আলমকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেন মাহবুব হাসান মামুন (৩৪)। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর