শিরোনাম

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা মহোৎসব

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা মহোৎসব

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব-১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে।

রথযাত্রা উপলক্ষে গাংজগদিয়া মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুখা মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হাজারো নারী-পুরুষ, শিশু ও ভক্ত-অনুরাগী অংশ নেন। হরিনাম সংকীর্তন, ভক্তিগীতি এবং ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, বিএনপি নেতা আচাদুজ্জামান আছাদ, চারণকবি সহাদেব সরকার, বাবু অজয় কর, ডা. রনদা প্রসাদ সরকার, মদন গোপাল সাহা ও নির্মল সাহাসহ অনেকে।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি ডা. রনদা প্রসাদ সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক। সব ধর্মের মানুষের অংশগ্রহণে এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।

পরে বিশেষ পূজা-অর্চনা, নামসংকীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। দুপুর ও সন্ধ্যায় ভোগ নিবেদন শেষে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে সহযোগিতার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর