নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক (২৪) নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ ডুবুরি মো. সাদিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তাঁর বাবা আশরাফ শেখ ও মা লিলি বেগম। তিনি বিবাহিত।
২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন সাদিক। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি রাষ্ট্রীয় পদকেও ভূষিত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।