শিরোনাম

শহীদ আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শহীদ আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মশারফের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শহিদ হাসান।

এ ছাড়া বক্তব্য দেন মাওলানা আব্দুস সবুর, অ্যাডভোকেট আবু তালেব, আব্দুর রহিম, মাওলানা আমিনুর রহমান, জিয়াউর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা। কর্মসূচিতে জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মী, ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে নতুন প্রজন্মকে আবু সাঈদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে সকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর