শিরোনাম

বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

বাংলাদেশের যোগাযোগ ও বন্দর খাতে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ঢাকায় সফররত সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

বৈঠকে সৌদি প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন সৌদি বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী উপমন্ত্রী, সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক, রেড সি গেটওয়ে টার্মিনালের (RSGT) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের বিষয়ে সরকারের আগ্রহের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন নীতি সংস্কার ও কাঠামোগত উদ্যোগ বাস্তবায়ন করছে।

জবাবে সৌদি ভাইস মিনিস্টার বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন অবকাঠামো ও যোগাযোগ প্রকল্পে সৌদি বিনিয়োগকারীরা আগ্রহী।

বৈঠকে জানানো হয়, সৌদি আরবের Red Sea Gateway Terminal Company Limited (RSGT) ২০২৪ সালের জুন থেকে চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বাণিজ্যিকভাবে পরিচালনা করছে। আধুনিক কার্গো হ্যান্ডলিং ও ইয়ার্ড পরিচালনায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

এছাড়া ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পেও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে RSGT। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি একটি বিস্তারিত কর্মপরিকল্পনাও উপস্থাপন করেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর