বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের সব সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকাতেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অভিযানে সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পের উপযুক্ত স্থানে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান বৃক্ষরোপণ কর্মসূচি আগামী সেপ্টেম্বর ২০২৬-এর শেষ সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।
