শিরোনাম

কোরবানির গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে ক্যাটল স্পেশাল ট্রেন

কোরবানির গরু নিয়ে জামালপুর থেকে ঢাকার পথে ক্যাটল স্পেশাল ট্রেন
ছবি: প্রতিনিধি

ঈদকে সামনে রেখে জামালপুর থেকে ঢাকায় গরু পরিবহনে আবারও চালু হয়েছে ক্যাটল স্পেশাল ট্রেন। কম খরচ, নিরাপদ যাত্রা ও যানজট এড়াতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে এই বিশেষ ট্রেনে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২১ সালে করোনা পরিস্থিতির সময় পশু পরিবহনে সুবিধা দিতে চালু হওয়া এই সেবা এবারও অব্যাহত রয়েছে। এ বছর জামালপুর থেকে তিনটি ট্রেনের ৭৫টি ওয়াগনে প্রায় ১ হাজার ২০০ গরু ঢাকায় নেওয়া হবে। এর মধ্যে দুটি ট্রেন শুক্রবার এবং শেষ ট্রেনটি শনিবার বিকেলে ছেড়ে যাবে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জামালপুরের ইসলামপুর বাজার রেলস্টেশন থেকে ২৫টি ওয়াগনে প্রায় ৪০০ গরু নিয়ে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

গরু ব্যবসায়ীরা জানান, ট্রাকে পশু পরিবহনে অতিরিক্ত ভাড়া, দুর্ঘটনার ঝুঁকি ও পথে চাঁদাবাজির শিকার হতে হয়। সেখানে ট্রেনে তুলনামূলক কম খরচে নিরাপদে গরু পরিবহন করা সম্ভব হচ্ছে।

গরু ব্যবসায়ী আলী আকবর বলেন, ঢাকায় গরুর দাম তুলনামূলক বেশি হওয়ায় তারা প্রতি বছর গরু নিয়ে যান। অন্যদিকে খামারি শফিকুল ইসলাম বলেন, ট্রেনে গরু পরিবহনে খরচ কম এবং ঝামেলাও কম।

আরেক ব্যবসায়ী জাবের আহাম্মেদ জানান, ট্রাকে ১৫ থেকে ২০টি গরু নিতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হলেও ট্রেনে ১৬টি গরু নিতে খরচ হচ্ছে মাত্র ৮ হাজার টাকা।

তবে ব্যবসায়ীরা অবিক্রিত গরু ফেরত আনার জন্য ঢাকা থেকে জামালপুরে ফিরতি ক্যাটল স্পেশাল ট্রেন চালুর দাবি জানিয়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং প্রতিটি ওয়াগনে ১৬টি গরু পরিবহন করা যাচ্ছে। ইসলামপুর বাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহের কারণে সব ওয়াগন আগেই বুকিং হয়ে গেছে। আগামীতে ট্রেনের সংখ্যা বাড়ানোর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর