সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহতের অভিযোগের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বনবিভাগ। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার (১৮ মে) সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা।
নিহতের সঙ্গে থাকা জেলেদের অভিযোগ, বৈধ পাস নিয়ে কাঁকড়া ধরতে গেলে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিম তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আমিনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
অন্যদিকে বনবিভাগের দাবি, নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় জেলেদের নৌকা জব্দের সময় তারা দা, কুড়াল ও বৈঠা নিয়ে টহল দলের ওপর হামলা চালান। একপর্যায়ে চাইনিজ রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে ধস্তাধস্তির সময় অস্ত্র থেকে গুলি বের হয়ে আমিনুর গুলিবিদ্ধ হন।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গাবুরায় নেওয়ার পথে ওই জেলের মৃত্যু হয়।
এ ঘটনায় মঙ্গলবার নিহতের বাড়িতে যান স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এসময় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম মুঠোফোনে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে হামলা ও ভাঙচুর চালায় বলে জানিয়েছে বনবিভাগ। এতে বনবিভাগের পাঁচ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে।
বনবিভাগ জানিয়েছে, এ ঘটনায় স্মার্ট টহল দলের ওসি বাদী হয়ে কয়রা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।