বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক শামীম হোসেনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাগেরহাট ২৩ আরই ব্যাটেলিয়ানের মেজর আশরাফ জামান ও লেফটেন্যান্ট জারিফের নেতৃত্বে চিংড়ি গবেষণা ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এএসইউ-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি সম্পন্ন হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শামীম হোসেন (৩৮), তার স্ত্রী আদরী এবং শাশুড়ি মমতাজ বেগম। অভিযানে তাদের বসতঘর থেকে ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ৭টি দেশীয় অস্ত্র, ১টি খুর, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ৮টি সিসি ক্যামেরাসহ বিভিন্ন মাদক সরঞ্জাম জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শামীম হোসেনের বিরুদ্ধে বাগেরহাট থানায় দুটি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রাজধানীর একটি আদালত সোমবার (২ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান, তার স্ত্রী বীথিসহ চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন বাসার আরও দুই গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম। এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে এ গ্রেফতারি কার্যক্রম সম্পন্ন করা হয়।
নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চাঁদাবাজ চক্রের এক সক্রিয় সদস্য মোঃ মামুন শেখ ওরফে জঙ্গী মামুন (২৫) গ্রেফতার হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি নীলফামারী সদর থানাধীন বড় মাঠ এলাকায় অভিযুক্ত ও তার চক্রের সদস্যরা তাপস রায় ও তার স্ত্রীকে আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তাপস রায়কে মারধর করা হয় এবং ঘটনাটি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তৎপর হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চড়াইখোলা বটতলী বাজারের কবরস্থান এলাকা থেকে মামুনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তার চক্র দীর্ঘদিন ধরে নীলফামারী বড় মাঠ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। ওসি মো. মতলুবর রহমান জানান, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গেরাপঁচা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় মোকছেদুল ইসলাম বাবু (৩০) ও পরান (২৫)–কে আটক করা হয়। আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।