নীলফামারীর জলঢাকায় ধানক্ষেত থেকে মমিনুর রহমান (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মমিনুর উপজেলার বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
শনিবার (২৮ মার্চ) সকালে কাঁঠালী ইউনিয়নের একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা এবং পুলিশকে খবর দেন। জলঢাকা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। কারণ সুরতহাল রিপোর্টে দেখা গেছে, তার মুখ ও দেহে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
পঞ্চগড়ে শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে শুরু হওয়া শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, বিদ্যুৎ ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বোদা ও দেবীগঞ্জ উপজেলার অনেকাংশে বিদ্যুতের খুঁটি ভেঙে গাছপালা উপড়ে পড়ায় রাত থেকে বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, চন্দনবাড়ী, সাকোয়া, পাচপীর ইউনিয়নসহ দেবীগঞ্জের বেশ কিছু এলাকায় ঝড়ের তীব্রতায় বসতবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মরিচ, ভুট্টা, তরমুজ, শাকসবজি, লিচু ও আমের মুকুলের ক্ষতি হয়েছে। বোদার ভাসাইনগর এলাকার খসরু জানিয়েছেন, ঝড়ের কারণে তাদের ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে এবং ফলজ ও বনজ গাছের ক্ষতি লক্ষাধিক টাকার। শালশিরির এক দরিদ্র কৃষক বলেন, কয়েকদিন পর তোলা যাওয়া মরিচ ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় এই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে শনিবার (২৮ মার্চ) স্বেচ্ছাসেবী সংগঠন “স্বর্ণালী প্রভাত” এবং ইসলাম করীম ফাউন্ডেশন এর আয়োজনে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৫০০-এর বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পান। পুরুষ রোগীদের চিকিৎসা প্রদান করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ মোঃ আব্দুর রহীম, আর নারী রোগীদের সেবা দেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিবি তাহেরা সোনিয়া। ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার চেকিং, বিএমআই নির্ণয়সহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপত্র সরবরাহ করা হয়। ইসলাম করীম ফাউন্ডেশনের ফাউন্ডার ড. নুরুল করিম বলেন, “এই ক্যাম্প কেবল একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি গাজী মোহাম্মদ আলমগীর, মোঃ আইয়ুব আলী, স্বর্ণালী প্রভাতের ফাউন্ডার সদস্য ইসরাত জাহান ফাহি, আব্দুল্লাহ আল সাওয়াল, আবু বকর সিদ্দিক, মোঃ আজগরসহ অন্যান্য সদস্যরা।
বরিশালের সদর উপজেলার কড়াই নদী থেকে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি সবুজ হাওলাদার (৬০), তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে স্থানীয়রা নদীর রাজারহাট এলাকায় তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।